মোঃ মশিউর রহমান | কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রচারণার নতুন গতি। জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এর মধ্যে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী পনির উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীক বরাদ্দ পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। প্রতীক বরাদ্দের পর বুধবার দুপুরের পর থেকেই নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি।
গণসংযোগকালে পনির উদ্দিন আহমেদের সঙ্গে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রচারণা চলাকালে নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস, স্লোগান ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
এসময় লাঙ্গল প্রতীকের প্রার্থী পনির উদ্দিন আহমেদ বলেন, কুড়িগ্রাম-২ আসনের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে এ এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো।
জাতীয় পার্টি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে, আমিও সেই ধারাবাহিকতায় এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।
দলীয় নেতা-কর্মীরা জানান, প্রতীক বরাদ্দের পর মাঠে নামার মধ্য দিয়ে নির্বাচনী কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। আগামী দিনগুলোতে আরও ব্যাপক আকারে গণসংযোগ ও প্রচারণা চালানো হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।