মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বস্তল এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) মাগরিবের নামাজের পর এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও জামপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী গোলজার হোসেন প্রধান। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ ভূইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদল নেতা মামুন আব্দুল্লাহ, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মো. রোকন উদ্দিন, ছাত্রদল নেতা মো. সোহানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রস্তুতি সভাটি সোনারগাঁ উপজেলা যুবদল নেতা মামুন আব্দুল্লাহর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।