যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে মাছের ঘেরে অবৈধভাবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা খাদ্য হিসেবে ব্যবহার করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই গ্রামের ঘের মালিক মতিয়ার রহমান দীর্ঘদিন ধরে মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পূর্বে তাকে এ ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধে সতর্ক করা হয়। তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে তিনি একই কার্যক্রম অব্যাহত রাখেন।
সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে পোল্ট্রি বিষ্ঠাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিক মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
কেশবপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ ও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।