সঞ্জয় কুমার | আদিতমারী উপজেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষতুলি এলাকায় র্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলজাতীয় মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার র্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়,বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ২নং ভেলাবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহিষতুলি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মহিষতুলি গ্রামের বাসিন্দা মো. সুমদ্দিন (৪৫)-এর নিজ বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এসকাপ, ৯৮ বোতল ফেন্সিডিল এবং ১৩৩ বোতল ফেয়ারওয়েলসহ মোট ৫৪২ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী মোছা. সুফিয়া খাতুন ওরফে আয়না বেগম (৪০) কে গ্রেফতার করা হলেও তার স্বামী সুমদ্দিন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত সুফিয়া খাতুন জিজ্ঞাসাবাদে জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে আদিতমারীসহ আশপাশের এলাকায় বিভিন্ন কৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব-১৩ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।