মঈনউদ্দিন | চট্টগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মেরাজ শরীফের তাৎপর্য ও শিক্ষা মানবতার মাঝে ছড়িয়ে দিতে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ শেষে আয়োজিত শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, ঈদে মেরাজ শরীফ হলো আলোকিত জীবন ও মানবতার মুক্তির উৎস।
মহান মেরাজ শরীফের মাধ্যমে দয়াময় আল্লাহতাআলা তাঁর প্রিয়তম রাসুল হজরত মুহাম্মদ (সা.)-কে স্থান ও কালের ঊর্ধ্বে নিয়ে গিয়ে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য দান করেন, যা সমগ্র মানবজাতির জন্য সত্য, আলো ও মুক্তির চিরন্তন দিকনির্দেশনা।
তিনি বলেন, মেরাজ শরীফ প্রিয়নবীর মাধ্যমে আল্লাহতাআলার প্রত্যক্ষ প্রকাশ এবং সমগ্র সৃষ্টির জন্য রহমত ও করুণার উৎস।এ মহান উপলক্ষ ঈমানী হৃদয়ের ঈদ, প্রাণের ঈদ ও অসীম প্রেমের ঈদ, যা অন্য কোনো আমলগত ইবাদতের সঙ্গে তুলনীয় নয়।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, আল্লাহতাআলার সঙ্গে সংযুক্ত থাকাই মানুষের অস্তিত্ব ও মুক্তির মূল চাবিকাঠি। আর সেই সংযোগের কেন্দ্রবিন্দু হলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ঈদে মেরাজ শরীফ আমাদের শিক্ষা দেয়—সব মানুষকে ভালোবাসা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
তিনি বলেন, মেরাজ শরীফের শিক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সর্বজনীন কল্যাণময় সমাজ, রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ উপলক্ষে তিনি ঈদে মেরাজ শরীফে রাষ্ট্রীয় ছুটি ঘোষণারও দাবি জানান।
সমাবেশে বিশ্ব সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মহান মেরাজ শরীফ মানবজীবনে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার এক অনন্য দিকদর্শন।