বুর্যে প্রধান মোমিন | রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর পৌরসভা কার্যালয় মাঠ প্রাঙ্গণে ১৬টি দলের অংশগ্রহণে তিন দিনব্যাপী দুর্গাপুর পৌরসভা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সিংগা মধ্যেপাড়া যুব বিভাগের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টায়।
সম্পূর্ণ নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও পাড়ার তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী টুর্নামেন্ট শেষে শুক্রবার রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন দুর্গাপুরবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যাডমিন্টন একটি জনপ্রিয় ও গতিশীল খেলা, যা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনে সহায়তা করে। দ্রুত গতি, কৌশল ও শক্তির সমন্বয়ে এই খেলাটি তরুণদের মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। খেলাধুলা ও লেখাপড়া একে অপরের পরিপূরক—লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা একজন মানুষকে সুস্থ, কর্মক্ষম ও মনোবলসম্পন্ন করে তোলে।
আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের অন্বেষণ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতে দুর্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।