এ.এস.এম হামিদ হাসান | কটিয়াদী (কিশোরগঞ্জ):
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রকাশিত এ তালিকায় শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবা আক্তার শ্রাবণী।
তিনি কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। নিয়মিত পাঠাভ্যাস, শৃঙ্খলা, শিক্ষাগত সাফল্য এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে তাকে এ সম্মানজনক স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়।
হাবিবা আক্তার শ্রাবণী রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার শ্রেণি রোল নম্বর ১। তিনি প্রবাসী শিবলু মিয়ার কন্যা এবং তার মাতা একজন গৃহিণী।
তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। শিক্ষকরা জানান, শ্রাবণীর এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ জোগাবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল ও মাদ্রাসা), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট নয়টি ক্যাটাগরিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে উপজেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটি এ তালিকা চূড়ান্তভাবে অনুমোদন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, নির্বাচিতরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয় শিক্ষা সপ্তাহের এ ধরনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি এবং গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।