যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই সংসদ সদস্য প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে যশোর সদর–৩ ও যশোর–৬ (কেশবপুর) আসনে দলটির মনোনীত প্রার্থীদের প্রার্থীতা পুনর্বহাল করেন।
যশোর সদর–৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সোয়াইব হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে যশোর–৬ কেশবপুর আসনে দলটির মনোনীত প্রার্থী গাজী সহিদুল ইসলামের মনোনয়নও বৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে।
মনোনয়ন পুনর্বহালের খবরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা ও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সন্তোষ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে হাতপাখা প্রতীক বিজয় অর্জন করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়ায় যশোরের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।