আশিকুজ্জামান রানা | লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের দুরাকুটিতে অবস্থিত বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়া গেছে।

অনুসন্ধানে প্রমাণ মিলেছে,ভাইরাল হওয়া ভিডিওটির দৃশ্যপট কিংবা ঘটনার সঙ্গে কলেজটির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে “বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের ক্লাসরুমে অসামাজিক কার্যকলাপ” শিরোনামে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষসহ বিভিন্ন পক্ষ থেকে অনুসন্ধান চালানো হয়।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে প্রদর্শিত ক্লাসরুমের অবকাঠামো,পরিবেশ ও বিন্যাস বেগম কামরুন্নেসা ডিগ্রি কলেজের বাস্তব চিত্রের সঙ্গে সম্পূর্ণ অমিল। কলেজ প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিষ্ঠানে এমন কোনো ঘটনা কখনো ঘটেনি এবং ভিডিওটি তাদের কলেজের নয়।

এছাড়া, সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্র থেকেও ভিডিওতে প্রদর্শিত ঘটনার সত্যতা পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষের দাবি, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেটে পাওয়া ভিন্ন কোনো স্থানের ভিডিও এই শিক্ষাপ্রতিষ্ঠানের নামে চালিয়ে দিয়ে সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।একই সঙ্গে তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন—কোনো ভিডিও বা সংবাদ শেয়ার করার আগে অবশ্যই তার উৎস ও সত্যতা যাচাই করতে।

বিশেষজ্ঞদের মতে, যাচাইহীন তথ্য প্রচার শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানিই করে না, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জন ও সুনাম ধ্বংস করে দিতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা অপপ্রচার চালানো দণ্ডনীয় অপরাধ বলেও তারা উল্লেখ করেন।