মোঃ হাসানুল হক মেহেদী | পিরোজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। চাঁদার টাকা দিতে গিয়ে অনেক ব্যবসায়ী এখন আর স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
এমনই এক চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনা ঘটেছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি নেছারাবাদ উপজেলায়।
ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক পান ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের চেষ্টা করার সময় নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে নুরুল আলমকে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক নুরুল আলম নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
নেছারাবাদ থানা পুলিশ আরও জানায়, আটককৃত নুরুল আলমের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এবং দ্রুত এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।