জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করেছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে তাদের কর্মসূচি স্থগিত হয়।

দুপুর ১টার দিকে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি শুরু হলে অর্ধশতাধিক নেতাকর্মী আগারগাঁওয়ে অবস্থান নেন। এ সময় তারা জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

পুলিশি বাধার পর ‘জুলাই ঐক্য’-এর একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশ করে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করলেও বাকিরা ইসলামিক ফাউন্ডেশনের সামনে অবস্থান নিয়ে স্লোগান অব্যাহত রাখে।

আয়োজকরা জানান, আগামী ১৪ জানুয়ারি দেশের সব বিভাগীয় শহরে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে ‘জুলাই ঐক্য’।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে আগারগাঁও নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার, পুলিশ, র‍্যাব ও কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।