মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ সুপার জানান, গত ১১ জানুয়ারি রাত আনুমানিক ২টার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা বিবেচনায় তারা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন।
এ সময় হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের ১০ তলা ভবনের নিচতলায় স্বামীকে রেখে ভুক্তভোগী নারীকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে ভয়ভীতি প্রদর্শন করে ওই দুই আনসার সদস্য ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী নারী নিচতলায় নেমে স্বামীকে সব জানান। এরপর তারা মানিকগঞ্জ সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে।
পুলিশ সুপার আরও জানান, ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা চলছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান জানান, অভিযুক্ত দুই আনসার সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”