চাঁপাইনবাবগঞ্জে চলমান শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিগত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ। এমন কঠিন সময়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক।
গতকাল ১১ জানুয়ারি গভীর রাতে কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় ছুটে যান। রাতের আঁধারে অসহায় শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন তিনি।
এই মানবিক উদ্যোগে উপকৃত মানুষজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। দুর্গম সীমান্ত এলাকায় এমন নিঃস্বার্থ সহায়তা সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই মানবদরদী কর্মকাণ্ড বেসামরিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিত্তবান ও প্রভাবশালী মহলকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে এই উদ্যোগ অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।