এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে আবাদযোগ্য কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার বিজয়পুর ইউনিয়নের মধ্যম বিজয়পুর জেলখানা বাড়ি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, ওই এলাকার আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার। অভিযানে আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে মাটি কাটা কিংবা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, অভিযানে জব্দকৃত যানবাহনগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।