এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বাসের মালিক ইউসুফ মাঝিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ মাঝি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা এবং তিনি সিডিএম পরিবহনের মালিক।

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কবলে পড়ে পাশ দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত রিকশা।

এ মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে, বাসের এক শিশু যাত্রী এবং এক নারীসহ মোট চারজন নিহত হন। এছাড়া দুর্ঘটনায় আহত হন অন্তত ২৬ জন যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, রোববার (১১ জানুয়ারি) গ্রেপ্তারকৃত ইউসুফ মাঝিকে কুমিল্লা আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।