জুয়েল রানা | শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী নাইম হাসান রানা (২৬)। তিনি শ্রীপুর উপজেলার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা মোবাইল ফোনে তাকে শ্রীপুর মধ্য বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছালে কর্ণপুর গ্রামের বাবুলের ছেলে শাকিল কৌশলে তাকে কর্ণপুর এলাকার ঘন জঙ্গলের ভেতরে নিয়ে যান।
সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ ব্যক্তি তাকে আটক করে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারধর করে। লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।

একপর্যায়ে তাকে অপহরণ করে সারারাত বিভিন্ন স্থানে ঘোরানো হয় এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা), সঙ্গে থাকা নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন ও ব্যক্তিগত জ্যাকেট ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ভিডিও ধারণ করা হয় এবং ভয় দেখিয়ে সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয়।পরদিন ৮ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। অভিযুক্তরা তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলে অভিযুক্তরা তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় কর্ণপুর মোড়ে একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলের ভিড়ে সুযোগ বুঝে পালিয়ে যান ভুক্তভোগী।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ঘটনার বিচার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগী শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।