পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
শনিবার দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩০০ জন শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষদের জন্য সামান্য হলেও সহযোগিতা প্রদান করা হলো। বিজিবি কর্তৃপক্ষ জানায়, মানুষের সেবা ও কল্যাণে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে নেওয়া হবে।