মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান করার চেষ্টা করতে পারে।
এই পরিস্থিতিতে বিজিবি মহাপরিচালক চোরাচালান রোধে কঠোর নির্দেশনা দেন।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।
৮ জানুয়ারি রাত আনুমানিক ৯:৪০ ঘটিকায় অধীনস্থ আজমতপুর বিওপি একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গত ৬ মাসে এই ব্যাটালিয়ন ৬টি বিদেশি পিস্তল/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে।
গত ৩ বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন আসামি সহ ৩৩টি বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে সব ধরনের চোরাকারবারীরা যতই নতুন পদ্ধতি অবলম্বন করুক না কেন, অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এমন অভিযান চালানো হবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।