মোঃ শফিকুল ইসলাম তুহিন | বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান জেলার লামা উপজেলার ঐতিহ্যবাহী লামা কেন্দ্রীয় হরি মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বশান্তি কামনায় ৩২তম অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হওয়ায় মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে।

সকাল থেকেই মন্দির এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের সমাগম শুরু হয়। নির্ধারিত সময়ে পূজা-অর্চনা, কীর্তন, হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।

অনুষ্ঠান পরিদর্শন করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মো. আমির হোসেন এবং সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের মিয়াসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গুরুত্ব ও মর্যাদা পায়।

ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে। অনেক ভক্ত জানান, লামা হরি মন্দির তাদের বিশ্বাস ও আস্থার কেন্দ্র। এখানে এসে তারা মানসিক শান্তি ও আত্মিক প্রশান্তি লাভ করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের ধর্মীয় আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় কার্যক্রমের সমাপ্তি ঘটে।