যুক্তরাষ্ট্র ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ ১৪১৯৯-এর ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে যে, এই সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর এবং অকার্যকর।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রশাসনের পর্যালোচনায় দেখা গেছে, এসব সংস্থার অনেক কার্যক্রম লক্ষ্যহীন এবং দুর্বল ব্যবস্থাপনায় পরিচালিত। কিছু সংস্থা নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে।
রুবিও বলেন, “মার্কিন জনগণের করের অর্থ এমন প্রতিষ্ঠানে ব্যয় করা হবে না, যেখান থেকে বাস্তব লাভ নেই। বিদেশি স্বার্থে বিলিয়ন বিলিয়ন ডলার খরচের যুগ শেষ।”
হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, সদস্যপদ প্রত্যাহার করা ৬৬টি সংস্থার মধ্যে ৩১টি জাতিসংঘ সংশ্লিষ্ট এবং ৩৫টি জাতিসংঘ বহির্ভূত আন্তর্জাতিক সংস্থা। তবে, যেসব সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট এবং জনগণের উপকার নিশ্চিত হয়, সেসব সংস্থার সঙ্গে সহযোগিতা চালু থাকবে।
এ পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন বহুপাক্ষিক ‘এনজিও নেটওয়ার্ক’ ভাঙার উদ্যোগ নিয়েছে, বিশেষত যেসব সংস্থা প্রগতিশীল নীতি, জলবায়ু সমস্যা এবং জেন্ডার ইক্যুইটির মতো বিষয় নিয়ে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে।