রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে স্টার কাবাবের পেছনের গলিতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই দুর্বৃত্ত বস্তা নিয়ে গলিতে বসে ছিলেন। মুসাব্বিরকে দেখে তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। মুসাব্বির মাটিতে লুটিয়ে পড়েন এবং দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তার ফোন পড়ে যায় এবং শুটাররা তা নিয়ে পালিয়ে যায়।
ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে পন্থপথের বিআরবি হাসপাতালে নেয়া হলে মুসাব্বিরকে মৃত ঘোষণা করা হয়। পরে তার মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।