বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা, নীতি ও আদর্শ রয়েছে। সমাজের প্রতিটি মানুষের অর্থনৈতিক ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
বুধবার (৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর ও মানিকপুর এলাকার আলেম-ওলামা, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড চালু করা হবে। বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে দেখিয়েছে।
তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি এ দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন। যে জাতি তার অবদান রাখা মানুষদের স্মরণ ও সম্মান করে, সে জাতি কখনো দুর্বল হয় না।
বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। ছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করে তিনি নারী সমাজকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র বিকশিত ও সুদৃঢ় হয়েছে।
আবেগঘন কণ্ঠে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা আমার জন্য নামাজে দোয়া করেছেন বলেই আমি আজও বেঁচে আছি। জীবনের বাকি সময় আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
ধর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, একটি দল দ্বীনকে রাজনীতির পণ্যে পরিণত করছে, যা কখনোই কাম্য নয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সকল নাগরিকের সাংবিধানিক অধিকার সমান।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়ার কাকারা শিবাতলী পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি উল্লাহ, কুতুব উদ্দিন (সওঃ), মৌলভী শহিদুল্লাহ আশরাফি, মৌলভী আশেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।