বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার নয়াপাড়া ইউনিয়নে বসবাসরত স্থানীয় অসহায়, দুস্থ পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি পরিবারসহ মোট ১৭৫টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও একই দিনে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপির মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী। এ সময় তিনি বলেন, বিজিবি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, “অপারেশন উত্তরণ”-এর আওতায় বিজিবি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসাসেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রম পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।