ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যক্রম জোরদার করতে মাদারীপুরের শিবচর উপজেলায় যৌথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তার।
সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। এজন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব।
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর চৌধুরী বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সমঅধিকার প্রতিষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা আক্তার বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ধর্মীয় খাতের উন্নয়নে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।