চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকা থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও তাজা গুলিসহ মো. মনির (২৮) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টাইগারপাস এজেন্সি লিমিটেডের গ্যাস ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের পাহাড়ের নিচে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বন্দুকটির মোট দৈর্ঘ্য ২৪ ইঞ্চি। এর মধ্যে কাঠের বাট ৫ ইঞ্চি এবং লোহার অংশ ১৯ ইঞ্চি। বন্দুকটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত ছিল বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. মনির নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মৃত আবু তাহের প্রকাশ কাশেমের ছেলে। তিনি বর্তমানে কোতোয়ালী থানাধীন ৭ নম্বর বাস পার্কিং এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।
কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মো. মনিরের বিরুদ্ধে কোতোয়ালী, বাকলিয়া ও চট্টগ্রাম রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধমূলক নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য সংগ্রহে তদন্ত চলমান রয়েছে।