কামাল খান | ঢাকা প্রতিনিধিঃ
প্রবাসীদের সহযোগিতায় ঢাকাদক্ষিণে শুরু হয়েছে ৩-টিম ফুটবল লীগ টুর্নামেন্ট-২০২৬। গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।
ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সভাপতি কয়েস উদ্দিন সুলতানের সভাপতিত্বে এবং কামরান উদ্দিন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস-এর উপদেষ্টা ও ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাবেক খেলোয়াড় মোহাম্মদ কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রবাসে থেকেও দেশের ক্রীড়াঙ্গনে গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, তা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, এই ধরনের টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে—এটাই আমাদের প্রত্যাশা।
স্বাগত বক্তব্যে ঢাকা প্রেসক্লাবের সদস্য ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএস-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ রহমান এবং নির্বাহী সদস্য ও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ছানা মিয়া, ওসমান মিয়া, জাহেদ রহমান, সাহনাজ আহমদ, সোহেল আহমদ, কাদির আহমদ, সেলিম আহমদ, মাহতাব উদ্দিন, সেবক তালুকদার, আব্দুল আহাদ, আব্দুল আলীম আনা, সাহানুর আহমদ, বদরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
উদ্বোধনী ম্যাচে সিলেট জেলার দুই শক্তিশালী দল ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র ও বৃহত্তর জৈন্তা উপজেলা দল মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্র জয় লাভ করে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে মাঠে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।