সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে মহিপুর কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক নেত্রী। দেশের স্বার্থ রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার মতো অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।