আগামী জাতীয় নির্বাচনে এবিএমএস (ABMS) রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে না—এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৫০তম ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহাপরিচালক বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এজন্য এবিএমএস রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও জানান, বাহিনীর পুরাতন ও অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতাকে নির্বাচনী দায়িত্বে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা নির্বাচন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।
এছাড়া, নির্বাচন ব্যবস্থাপনাকে আধুনিক ও নিরাপদ করতে ভোটকেন্দ্রভিত্তিক একটি অটোমেশন সফটওয়্যার চালু করা হয়েছে, যেখানে কোনো ধরনের অনিয়ম বা হস্তক্ষেপের সুযোগ থাকবে না বলে জানান তিনি।
অনুষ্ঠান উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
এ সময় অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।