মোঃ মাহামুদুল হাসান | মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর এলাকায় অবস্থিত কুঞ্জলতা ফুড পার্কে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের পাশাপাশি মাসিক ভাড়ায় মোটরসাইকেল নেওয়ার সুবিধা চালু করা হয়েছে।
সম্প্রতি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন হাটের পরিচালনা কমিটি।
পরিচালনা কমিটি জানায়, প্রতি শনিবার সকাল ৯টা থেকে কুঞ্জলতা ফুড পার্ক প্রাঙ্গণে নিয়মিত মোটরসাইকেল হাট বসছে। এ হাটে নতুন ও পুরাতন বিভিন্ন মডেলের মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের পাশাপাশি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মাসিক ভাড়ায় মোটরসাইকেল নেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা রাজৈর উপজেলায় একটি নতুন উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আগ্রহী ক্রেতা ও বিক্রেতাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কুঞ্জলতা ফুড পার্ক কর্তৃক নির্ধারিত প্রয়োজনীয় কাগজপত্র এবং অভিভাবক সঙ্গে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে, মাসিক ভাড়ায় মোটরসাইকেল নিতে হলে নমিনির জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
হাট পরিচালনার দায়িত্বে থাকা ঠান্ডু খালাসী, কুব্বাস, মুরাদ শেখ ও কামাল মেম্বার জানান, স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এসব নিয়ম চালু করা হয়েছে। তাদের মতে, এতে প্রতারণা কমবে এবং ক্রেতা-বিক্রেতা উভয়ই নিরাপদ ও নির্ভরযোগ্য লেনদেনের সুযোগ পাবেন।
পরিচালনা কমিটির তথ্যমতে, প্রতিটি মোটরসাইকেলের জন্য হাট ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এছাড়া মোটরসাইকেলের বিক্রয়মূল্য এক লক্ষ টাকার নিচে হলে রশিদ ফি ৫০০ টাকা এবং এক লক্ষ টাকা বা তার বেশি হলে রশিদ ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকল লেনদেনেই নিয়ম অনুযায়ী রশিদ প্রদান করা হবে।
পরিচালনা কমিটি আরও জানায়, ভবিষ্যতে মোটরসাইকেল হাটের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।