মোঃ আবদুল্লাহ আল-মামুন |চকরিয়া প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও দলীয় শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় চকরিয়া সরকারি হাইস্কুল সংলগ্ন বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাহ উদ্দিন আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার সম্পর্কে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন। জনগণ এবার নিজের ভোট নিজেই রক্ষা করবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবারের জাতীয় সংসদ নির্বাচন বিশ্বজুড়ে একটি স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হিসেবে বিবেচিত হবে।”
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। জনগণের সামনে সত্য ও ন্যায়ের কথা তুলে ধরাই বিএনপির রাজনৈতিক দায়িত্ব।
সভায় চকরিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার অন্তর্গত সকল ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ঘোষণা করেন।