মোঃ শফিকুল ইসলাম তুহিন | বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।মঙ্গলবার তিনি লামা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন সরকারি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ইউএনও প্রকল্পগুলোর নির্মাণকাজের মান, বাস্তব অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ময়নুল ইসলাম এবং লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম।
ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, সরকারি অর্থের প্রতিটি টাকার সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। জনস্বার্থে গ্রহণ করা উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, যেসব প্রকল্পে কাজের মানে ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত সংশোধন করে প্রকল্পের নির্দেশনা অনুযায়ী পুনরায় কাজ সম্পন্ন করতে হবে।
কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না।স্থানীয়দের প্রত্যাশা,এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লামা সদর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবে।