এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অভিযানে এক কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যৌথ অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন।

এরই ধারাবাহিকতায় গত বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান-এর উপস্থিতিতে অত্র ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এ অভিযান পরিচালনা করা হয়।

টাস্কফোর্স দলটি রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল ও ফুচকা জব্দ করা হয়, যার বাজারমূল্য এক কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা।

এ বিষয়ে ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দকৃত চোরাচালান মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।