মোস্তাফিজুর রহমান | রাজশাহী ব্যুরো:

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মূল আসামি বিপ্লব হোসেন (৫২) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত আহমেদ জোবায়ের (২২) ভেকু মেশিনের চাকা দ্বারা পিষে গুরুতর আহত হন।

মোহনপুর থানার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিপ্লব হোসেন উপজেলার বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল আলিম খামারুর ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলা থেকে র‍্যাব–৫ রাজশাহী ও র‍্যাব–১০ ফরিদপুরের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রামের আব্দুল হামিদ (২৮), যিনি ভেকু মেশিন চালক ছিলেন, গ্রেফতার হয়। চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরে জেল হাজতে পাঠানো হয়।
মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের পালশা পূর্ব বিলে ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জোবায়ের পুকুর খননে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. মঈনুদ্দীন জানান, “এজাহারভুক্ত বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” স্থানীয়দের অভিযোগ, উপজেলার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করছে।

মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা জানিয়েছেন, “বর্তমানে উপজেলার সব পুকুর খনন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করা হবে।”
পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং গ্রামবাসী আইনের যথাযথ প্রয়োগ দাবি করছেন।