এ.কে. পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদরের ধর্মপুর, গাজিপুর ও রাজমঙ্গলপুর এলাকায় পৃথক তিনটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা ১৭,৮০০ পিস ইয়াবা, ৬০ কেজি গাঁজা এবং একটি বিদেশি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার গাজিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আঃ কাদের তপু (২০)-কে, যিনি সদর উপজেলার গাজিপুর এলাকার তাজুল ইসলামের ছেলে।
র্যাবের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরবর্তীতে গাজিপুর এলাকায় পৃথক অভিযানে ১৭,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয় এবং আঃ কাদের তপু গ্রেফতার হন।
অপরদিকে,রাজমঙ্গলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে পলাতক আসামী জসিম খন্দকারের বাড়ির পানির ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জসিম খন্দকার রাজমঙ্গলপুর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আঃ কাদের তপু স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করতেন। অন্যদিকে জব্দকৃত গাঁজার মালিক পলাতক জসিম খন্দকারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, অস্ত্র, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।