মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মেসি ট্রাক্টরের ধাক্কায় রেজাউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী রাহেলা বেগম (৫০)।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার হিলি–পাঁচবিবি সড়কের নওদা বেলাল চৌধুরীর ইটভাটা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেসকাঘাট গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে। আহত রাহেলা বেগম নিহতের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম উপজেলার রামভদ্রপুর গ্রামে এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বেলাল চৌধুরীর ইটভাটার সামনে পৌঁছালে পাঁচবিবির দিক থেকে আসা একটি দ্রুতগতির মেসি ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রেজাউল ইসলাম মারা যান। আহত রাহেলা বেগম বর্তমানে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক মেসি ট্রাক্টর শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।