মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে শীতার্ত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুল আলম বাবু। নিজ অর্থায়নে তিনি দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক কুসুম্বা শাখার ব্যবস্থাপক নুর মোহাম্মদ, কুসুম্বা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সেলিমা আকতারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় ইউপি সদস্য মোঃ শফিকুল আলম বাবু বলেন, দীর্ঘদিন ধরে অত্র ওয়ার্ডের জনগণ আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে আসছেন। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই সময়ে কম্বল বিতরণ অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।