ঝালকাঠি-২ সংসদীয় আসনে এবি পার্টির মনোনয়ন ফরম গ্রহণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর ২০২৫) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন এবি পার্টির মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।
“রাষ্ট্র হবে জনতার”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠি-২ আসনে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন তিনি। মনোনয়ন ফরম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির আহ্বায়ক মোঃ জামাল হোসেন হাওলাদার, সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বশিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শেখ জামাল হোসেন বলেন, “নতুন প্রজন্মের ভোট নতুন প্রতীক—ঈগলে হোক। বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত করাই এবি পার্টির মূল লক্ষ্য। জনতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাই।”
এবি পার্টির নেতৃবৃন্দ জানান, ঝালকাঠি-২ আসনে সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে এবি পার্টি শক্ত অবস্থান গড়ে তুলবে। জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দলটি কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।