কুমিল্লায় জেলা মাসিক রাজস্ব সম্মেলন ও জেলা নদী রক্ষা কমিটির সভা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। সম্মেলন সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামান।
সভায় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলার রাজস্ব আদায়ের অগ্রগতি, ইজারা কার্যক্রম, ভূমি সংক্রান্ত মামলার বর্তমান অবস্থা এবং অন্যান্য রাজস্ব বিষয়ক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক চলমান রাজস্ব কার্যক্রম পর্যালোচনা করে সরকারি রাজস্ব আদায় আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি মোকদ্দমা নিষ্পত্তি, ভূমি অফিসের সার্বিক ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সম্মেলনের অংশ হিসেবে জেলা নদী রক্ষা কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, গোমতী নদীর আইল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী ইতোমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মরা গোমতী নদীতে অবৈধ দখলের তালিকা প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গোমতী নদীর সব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রাখতে হবে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও সভায় জানানো হয়।