বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান।
এর আগে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হয়।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দীর্ঘ আইনজীবী জীবনের পর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের মধ্য দিয়ে বিচার বিভাগে তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হলো।
শিক্ষাজীবনে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন। তার নেতৃত্বে দেশের বিচার ব্যবস্থায় আরও দক্ষতা ও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।