মোঃ হাফিজুল ইসলাম |ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে কৃষকদের জন্য বরাদ্দকৃত ডিএপি সার গোপনে পাচারের সময় ২০ বস্তা সারসহ একটি অটোরিকশা আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সার্কেল এএসপির তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে স্থানীয় জনতার সহায়তায় এই সার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাহাট ইউনিয়নের বিএডিসি অনুমোদিত সার ডিলার শ্রী নিতাই চন্দ্র সাহা তার গুদাম থেকে কৃষকদের মাঝে বিতরণ না করে গোপনে অটোরিকশা যোগে সার পাচার করছিলেন। স্থানীয়দের সতর্কতার ফলে অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালানো হলে ২০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
অটোরিকশা চালক মোঃ রুবেল মিয়া (২৮) কে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে এবং উদ্ধারকৃত সার বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তার সুপারিশে ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, বরাদ্দকৃত সার সঠিকভাবে বিতরণ না করে কিছু ডিলার ও দুর্নীতিবাজ কর্মকর্তারা মিলিতভাবে সার কালোবাজারে বেশি দামে বিক্রি করছেন, ফলে প্রকৃত কৃষকরা সার থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকরা দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।