মোঃ ইলিয়াছ খান | ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় পৃর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার কেন্দ্রবিন্দু হলো রামকান্তপুর ইউনিয়নের বাহিদিয়া গ্রাম।
ভুক্তভোগী কৃষকের নাম ওলিয়ার রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছ ধরা নিয়ে তিনি এবং একই গ্রামের হেমায়েত মোল্যার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধের শিকার হচ্ছিলেন। গত ২১ ডিসেম্বর বাদশা মোল্যার ও তার স্ত্রী মোছাঃ মুর্শিদা সালথা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর পরের দিন পুলিশ অভিযোগ তদন্তে গেলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়। বৃহস্পতিবার সকালে হেমায়েত মোল্যার সমর্থক মোতাহার মোল্যার ছেলে দবির উদ্দিন মোল্লা, হেমায়েত মোল্যা, সালাম মোল্লার ছেলে আব্দুল হক সাহেব ও খালেক শেখার ছেলে শেখসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওলিয়ার রহমানের বসতবাড়িতে হামলা চালায়।

তারা ঘরের টিন, দরজা ও জানালা ভাঙচুর করে এবং আসবাবপত্র তছনছ করে। হামলার সময় পরিবারের নারী ও শিশুরা প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগী ওলিয়ার রহমান জানান,“পুকুরের মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। থানায় অভিযোগ দেওয়ার জেরেই প্রতিপক্ষ আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান,“হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”