চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে বরিশাল নৌ-পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো তারেক রহমানের সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের নিয়ে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে ঢাকায় যান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা থেকে ঝালকাঠিতে ফেরার পথে চাঁদপুর এলাকায় মেঘনা নদীতে লঞ্চটির সঙ্গে জাকির সম্রাট-৩ এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে পৌঁছালে বরিশাল নৌ-পুলিশ লঞ্চটি আটক করে।
বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টোর ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু জানান, নেতাকর্মীদের ঢাকায় তারেক রহমানের জনসভায় নেওয়ার জন্য লঞ্চটি ভাড়া করা হয়েছিল।
এ বিষয়ে বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঝালকাঠিতে এসেছি। লঞ্চটি আটক করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে গেছে। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।