মোঃ হাফিজুল ইসলাম |ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ পাথরডুবি থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা ‘পাভেল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৮৪৯) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাহাঙ্গীর আলম অপুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
ফারুক আহমেদের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।