মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তে মাদক চোরাকারবারীদের নতুন কৌশলকে ব্যর্থ করে দিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। রাত-দিন সীমান্তের নিরাপত্তা রক্ষায় নিরলস কাজ করে এ ব্যাটালিয়ন।
এর ধারাবাহিকতায় ২৫ ডিসেম্বর গভীর রাত হতে ২৬ ডিসেম্বর ভোর পর্যন্ত সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় CHOCO+ সিরাপ এবং ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। অভিযানের সময় চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, বিগত কয়েক দিনে এই ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭৭২ বোতল ফেন্সিডিল ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।