কামাল খান |কানাইঘাট,সিলেট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলায় সরকারিভাবে টেন্ডারপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব লালারচক গ্রামের ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল বিধি-বিধান অনুসরণ করে টেন্ডার আহ্বান সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ ও কার্যাদেশ প্রদান করেছে। তবে কাজ শুরুর আগেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে উন্নয়ন কাজ বাতিল করানোর চেষ্টা করছে।
এলাকাবাসীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে সরকারের উন্নয়ন উদ্যোগ নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে,যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, এ ধরনের অপপ্রচার শুধু একটি উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধেই নয়, বরং সরকারের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের জোর দাবি জানান।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা সরকারের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নের আহ্বান জানান।