মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তার দ্বিতীয় কিস্তির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মোট ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে হরিরামপুর উপজেলা হলরুমে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও আত্মকর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে নারীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রতিবছরের মতো এ বছরও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। এসব সেলাই মেশিন নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।”
উল্লেখ্য, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে দুর্গম ও চরাঞ্চলের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।