মোঃ হাফিজুল ইসলাম | ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম:

ভূরুঙ্গামারী থানার উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। “জনতাই পুলিশ, পুলিশই জনতা” স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রমে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, যৌতুক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির প্রতিনিধি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই মিতু।

উন্মুক্ত আলোচনায় উপস্থিতরা সরাসরি তাদের প্রশ্ন, সমস্যা ও মতামত তুলে ধরেন। প্রধান অতিথি এসবের উত্তর প্রদান করেন এবং পুলিশের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে অপরাধ দমন অনেক সহজ হয়। শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনে সকলকে মিলেমিশে কাজ করার জন্য সহযোগিতা কামনা করি।”
অনুষ্ঠান শেষে উপস্থিতরা ওপেন হাউজ ডে কার্যক্রমকে ফলপ্রসূ ও সময়োপযোগী হিসেবে মন্তব্য করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।