খুলনা সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এ গুলির ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তার মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত মোতালেব শিকদার এনসিপির শ্রমিক উইং ‘শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তার মাথার সিটি স্ক্যান করা হয়েছে।
খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে গুলির বিষয়টি নিশ্চিত করে দ্রুত বিচার দাবি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনার গাজী মেডিকেল (সার্জিক্যাল) এলাকার আল আকসা মসজিদ গলিতে একটি ভাড়া বাসায় নিয়মিত যাতায়াত করতেন মোতালেব শিকদার। ঘটনার পর ওই বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ মাদক সেবনের সরঞ্জাম ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে। বাসাটি নারী-দম্পতি পরিচয়ে ভাড়া নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দল কিংবা অপরাধকেন্দ্রিক কোনো ঘটনার জেরেও এই হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে এনসিপির খুলনা জেলা প্রধান সমন্বয়ক মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।