লুৎফর সিকদার | গোপালগঞ্জ প্রতিনিধি:

আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে পবিত্র ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ রজব, অর্থাৎ ১৬ জানুয়ারি শুক্রবার রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
শবে মেরাজ ইসলামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত রাত। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার বিশেষ নির্দেশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে আল্লাহর সান্নিধ্য লাভ করেন।
পবিত্র এই রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-তাসবিহ পাঠ এবং দোয়া-মোনাজাতে রাত অতিবাহিত করে থাকেন। পাশাপাশি গরিব ও দুঃখী মানুষের মাঝে দান-খয়রাত করা হয়। অনেক মুসলমান শবে মেরাজ উপলক্ষে নফল রোজাও পালন করেন।
প্রতিবছর শবে মেরাজ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও সরকারি অফিসে ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়। তবে এবার পবিত্র শবে মেরাজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে পালিত হবে।