নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে অবস্থিত একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্তি পেয়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র বায়ো ওনানুগা এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, মুক্ত শিক্ষার্থীরা সোমবার মিননায় পৌঁছাবে এবং বড়দিন উদ্যাপনের জন্য তাদের অভিভাবকদের সঙ্গে মিলিত হবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এটি দেশটির সাম্প্রতিক সময়ের ভয়াবহ গণ-অপহরণ ঘটনার পরবর্তী অগ্রগতি। নাইজার রাজ্যের পাপিরিতে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল থেকে গত ২১ নভেম্বর ২৫০ জনের বেশি শিশু ও কর্মীকে অপহরণ করা হয়েছিল। এর আগে চলতি মাসের শুরুতে প্রায় ১০০ শিক্ষার্থী মুক্তি পায়।
ফেডারেল সরকার এই সর্বশেষ মুক্তিকে ‘বিজয় ও স্বস্তির মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে। বায়ো ওনানুগার ঘোষণায় বলা হয়েছে, এখন পর্যন্ত মোট ২৩0 জন শিক্ষার্থী ও কর্মীকে মুক্ত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মুক্তি নিশ্চিতকরণ প্রক্রিয়ার বিস্তারিত সরকার প্রকাশ করেনি।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু জানিয়েছিলেন, সরকার স্কুলগুলোকে সুরক্ষিত করতে এবং শিশুদের শিক্ষার পরিবেশ নিরাপদ করতে কাজ অব্যাহত রাখবে।